বুধবার, জুন ১০, ২০২৬
Homeতথ্যপ্রযুক্তিগ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অপারেটরটি নতুন সিম বিক্রি করতে পারবে না বলে জানা গেছে।

বুধবার (২৯ জুন) এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।

এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টেলিযোগাযোগ মন্ত্রী এ বিষয়ে বলেন, আমরা চেষ্টা করেও গ্রামীণফোনের সেবার মান ভালো করার কোনো উদ্যোগ নিতে দেখিনি। তারা গ্রাহক বাড়াবে, কিন্তু সেবার মান বাড়াবে না, এটা হতে দেওয়া যাবে না। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত না হবে ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

তবে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি গ্রামীণফোন।

বিটিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরের মে পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ অনুষ্ঠিত সর্বশেষ নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ (৬০ মেগাহার্টজ) কেনে গ্রামীণফোন। এর আগে গ্রামীণফোনের হাতে ছিল ৪৭ দশমিক ৪০ মেগাহার্টজ তরঙ্গ। সব মিলিয়ে অপারেটরটির তরঙ্গের পরিমাণ ১০৭ দশমিক ৪০ মেগাহার্টজ।

যদিও বাকি অপারেটরদের মতো গ্রামীণফোনও নতুন বরাদ্দ পাওয়া তরঙ্গ ব্যবহার করতে পারছে না। আগামী ডিসেম্বর থেকে অপারেটরগুলো তরঙ্গ ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular