নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত দুই দিনে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাতে উপজেলা তাঁতী লীগের সভাপতি ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে তাঁর ইছাদিঘী গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, শনিবার রাতে সিলিমপুর বাজার থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তপু শিকদারকে গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানার উপপরিদর্শক আবুল কালাম জানান, বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে গত দুই দিনে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
