নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে ঘাটাইল প্রেসক্লাব’র সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান ফজলুর রহমানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ নভেম্বর (রোববার) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঘাটাইলের আঠারদানা গ্রামের মৃত ইলিয়াস খন্দকারের ছেলে আতা খন্দকার ও মধ্যকর্না গ্রামের সলিমুদ্দিনের ছেলে হায়দার রহমান। তারা দুজনেই খান ফজলুর রহমানের দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি। সোমবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, রোববার রাত নয়টার দিকে সাংবাদিক খান ফজলুর রহমান (৫০) উপজেলার পরিষদের সামনে একটি ফাস্টফুডের দোকানে সহকর্মীদের নিয়ে চা পান করছিলেন। এ সময় আতা খন্দকার এবং হায়দার রহমান ষ্টীলের জি-য়াই পাইপ দিয়ে অতর্কিতভাবে খান ফজলুর রহমানের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পরে তার সহকর্মী ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ওই রাতেই খান ফজলুর রহমান বাদী হয়ে অভিযুক্ত আতা খন্দকার ও হায়দার রাহমানের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় মামলা করেন।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক ( এসআই) মতিউর জানান, অভিযোগ পাওয়ার পরই হামলাকারী আতা খন্দকার ও হায়দার রাহমানকে গ্রেফতার করা হয়।
