নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও ইউনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, অপরাধ দমন ও মামলা-পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে মোট ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী অভিযানে ২৪৮ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন এবং ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
