অনলাইন থেকে: বরগুনার বেতাগী উপজেলায় মারা যাওয়ার ১৪ দিন পর উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার রেভা রানী সমাদ্দারের বিরুদ্ধে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে গ্রাহকের মেয়াদি সঞ্চয়ী আমানতের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে ডাক বিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায়, বেতাগী পৌরসভার ১নং ওয়ার্ডের খাদ্যগুদাম এলাকার বাসিন্দা মো. টুটুল আকনের মা কুলসুম বেগম গত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জীবিত অবস্থায় বেতাগী উপজেলা ডাকঘরে ১ লাখ টাকার একটি মেয়াদি সঞ্চয়ী আমানতের হিসাব খোলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির ক্ষেত্রে আমানতকারীর নমিনী কিংবা ওয়ারিশগণের ডেপুটি পোস্টমাস্টারের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে সত্যতা প্রমাণিত হলে তিনি মঞ্জুরি আদেশ প্রদানের পর গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়া যাবে।
কিন্তু কুলসুম বেগমের ছেলে টুটুল আকনের অভিযোগ মায়ের শোক কাটিয়ে উঠার পর স্থানীয় শাখা ডাকঘরে খোঁজ নিয়ে জানতে পারেন গত ২০২১ সালের ২৭ অক্টোবর মৃত মায়ের আমানতের টাকা উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার সকালে ডাক বিভাগের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন টুটুল আকন। তিনি প্রশ্ন রাখেন, মৃত ব্যক্তি কীভাবে টাকা উঠাতে পারেন তা তার বোধগম্য নয়।
এছাড়াও বেতাগী পৌর এলাকার বাসিন্দা মো. আলম হাওলাদারসহ একাধিক গ্রাহক বিভিন্ন সময় অভিযোগ করেন, বর্তমান পোস্ট মাস্টার এখানে যোগদানের পর থেকেই গ্রাহককে অবহেলা, তাদের প্রতি দুর্ব্যবহার ও অফিস খরচের নাম করে গ্রাহকের প্রাপ্য আমানতের মুনাফা থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। খরচ দিলে দ্রুত টাকা মেলে আর না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হওয়ায় গ্রাহকরা দিন দিন চরম ক্ষুব্ধ হয়ে উঠছে।
এ বিষয়ে জানতে চাইলে বেতাগী উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার রেভা রানী সমাদ্দার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, টাকা উত্তোলন তো দূরে থাক, এমন কোনো আমানত এখানে ছিল বলে জানা নেই। সঠিক কাগজপত্র নিয়ে না আসায় অনিচ্ছা সত্ত্বেও গ্রাহকদের অনেক সময় ফিরিয়ে দিতে হয়। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হন।
