নিউজ ডেস্কঃ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিখোঁজ হাজতি ফরহাদ হোসেন রুবেলের সন্ধানে তল্লাশি করছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম। সোমবার (৮ মার্চ) বেলা ১১টা থেকে তারা কারা অভ্যন্তরে তল্লাশি চালাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।
তিনি বলেন, ‘নিখোঁজ হাজতি উদ্ধারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের একাধিক তদন্ত কমিটি গঠন হয়েছে। তবে আমাদের টিম মূলত কারা অভ্যন্তরে থাকা বিভিন্ন ম্যানহোল, গর্ত, পানির ট্যাংকসহ কোনো জায়গায় ওই হাজতি লুকিয়ে আছেন কি-না তা তল্লাশি করে দেখবে। কারণ ওই আসামি আগেও কয়েকবার কারা অভ্যন্তরে লুকিয়ে ছিলেন।’
এর আগে আজ সকাল ১০টার দিকে হাজতি নিখোঁজের ঘটনা তদন্তে কারাগার পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শকের করা তিন সদস্যের তদন্ত দল। খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়ার নেতৃত্বে তদন্ত দলের বাকি দুই সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন ও বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদ।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেল ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারের একটি পানিশমেন্ট ওয়ার্ডে বন্দি আছেন। গত শনিবার সকাল ৬টা থেকে কারা অভ্যন্তরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
পরে এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় কোতোয়ালী থানায় চট্টগ্রাম কারাগারের জেলার রফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। একই সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
