নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (১৯ মে) সকাল ১০টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম এ তথ্য জানান।
নিহত শফিক (৩৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর কাওয়ালী গ্রামের বেটু খানের ছেলে। আহত সজিব (২৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আক্তারামপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, শফিকসহ তার আরও দুই সহযোগী কালিয়াকৈর সদর থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছিলেন।
তাদের মোটরসাইকেল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা শফিকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং সজিব আহত হন।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও চালককে আটক করা যায়নি।
