Homeদেশের খবরমসজিদে বোমা হামলাঃ ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

মসজিদে বোমা হামলাঃ ৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ সদর দফতরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ বিভাগ (সিপিও)। অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে সিপিও।

সিপিওর তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় পুলিশ লাইনের ভেতরের একটি মসজিদ লক্ষ্য করে বিস্ফোরণের পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। রাতভর অভিযান চালিয়ে পুলিশ লাইনের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ন্ত্রণে নেওয়া হয়।

খাইবার পাখতুনখোয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জানান, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরিত হয়। এ সময় গুলিও চালানো হয়। পরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির মধ্যে বিশেষ শাখার ভবনের কাছে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে।

অভিযানে এলিট ফোর্সের কমান্ডো, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন। সিটিডির অতিরিক্ত আইজি, আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) ও কোহাটের জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) অভিযান পরিচালনা করেন। দেশটির পুলিশ প্রধান জুলফিকার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুরো সময় ঘটনাস্থলে ছিলেন।

আইজিপি হামিদ বলেন, রাতভর অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফল হয়েছে। পুলিশ, সিটিডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন বলেও জানান তিনি।

এদিকে কোহাটের জেলা আদালতের প্রধান ফটকে থাকা একটি পুলিশ পোস্টে হামলাকারীরা গুলি চালিয়েছে। এতে পোস্টটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর পুলিশ লাইনের আশপাশের সব সরকারি অফিস ও জেলা আদালত বন্ধ রাখা হয়েছে। কোহাটে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং শহরের প্রবেশ ও বের হওয়ার সব পথে তল্লাশি করা হয়েছে জোরদার।

RELATED ARTICLES

Most Popular