মির্জাপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ নৌকায় বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণে এসে নদীতে গোসল করতে নেমে নবম শ্রেণির স্কুলছাত্র ফাহিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন।

তার পিতার নাম মো. সাইদুল ইসলাম, গ্রামের বাড়ি গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাপুর আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, গাজীপুর সদর থেকে একদল স্কুলছাত্র ইঞ্জিনচালিত নৌকায় বংশাই নদী দিয়ে আনন্দ ভ্রমণে মির্জাপুরে আসে।

দুপুরের দিকে বাড়ি ফেরার পথে হাটুভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন নদীর পাশে বন্ধুরা মিলে গোসল করতে নামে। গোসল করে সব বন্ধু তীরে উঠলেও ফাহিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল ডুবুরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ডুবুরী দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরী দল ফাহিমকে উদ্ধার করতে পারেনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর