নিউজ টাঙ্গাইল ডেস্ক: কয়েকদফা তারিখ পেছানোর পর অবশেষে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি করোনা টেস্ট কিট আগামী ২৫ এপ্রিল হস্তান্তর করা হবে। সরকার ও সংশ্লিষ্ট ১০ প্রতিষ্ঠানের হাতে এসব কিট তুলে দেওয়া হবে হবে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কিটের ১০০টি করে স্যাম্পল বা নমুনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়া হবে। ওই নমুনা সরকার অনুমোদন করলে এক লাখ কিট সরকারকে হস্তান্তর করা হবে।’
যে ১০টি প্রতিষ্ঠানের কাছে কিট হস্তান্তর করা হবে সেগুলো হলো—ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, আইইডিসিআর, আইসিডিডিআরবি, সেনা প্যাথলজি ল্যাবরেটরি, বিএসএমএমইউ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক (সিডিসি) সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল।
এর আগে গত ১১ এপ্রিল এই প্রতিষ্ঠানগুলোর কাছে কিট হস্তান্তরের কথা থাকলেও গণস্বাস্থ্যের কারখানায় যান্ত্রিক গোলযোগের কারণে সেটি সম্ভব হয়নি। ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি দূর করে কিট তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। তবে সঠিক পরীক্ষা বা গবেষণার জন্য করোনায় আক্রান্ত আরো অন্তত ১০টি রক্তের নমুনা প্রয়োজন।
তিনি জানান, ‘কিট সঠিক হয়েছে কি না সেটি যাচাই করার জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কয়েক সিসি রক্তেরও প্রয়োজন হয়। এরই মধ্যে স্বাস্থ্যসচিবের কাছে আবেদন করে ১০টি পজিটিভ রক্তের স্যাম্পল আমরা চেয়েছি। এর আগের পরীক্ষাগুলো করা হয়েছিল বিদেশি রক্তের নমুনায়।’
এক প্রশ্নের জবাবে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, ‘কুয়েত মৈত্রীসহ কয়েকটি হাসাপাতালে যোগাযোগ করে আমরা নিজেরাই রক্ত চেয়েছি; কিন্তু তারা বলেছে সরকারের অনুমোদন লাগবে।’
করোনা পরীক্ষার কিট তৈরিতে ৯ ধরনের বিশেষ কেমিক্যাল বা কাঁচামালের প্রয়োজন হয়; যা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে পাওয়া যায়। এর মধ্যে একটি চালান সম্প্রতি চীনের গুয়াংজু থেকে সাভারে গণস্বাস্থ্যের কারখানায় পৌঁছেছে বলে জানা যায়। কিন্তু ফ্লাইট না থাকায় আরো দুটি চালান জার্মানি ও সিঙ্গাপুরে আটকে আছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।