মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeদেশের খবরআনারস প্রতীকে মাথা সাজালেন মামুন

আনারস প্রতীকে মাথা সাজালেন মামুন

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ-
প্রার্থীর প্রতি ভালোবাসা থেকে নির্বাচনি প্রতীকের আদলে নিজের মাথা সাজিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সিএনজি অটোরিকশা চালক মামুন মিয়া। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠেয় হবে।

জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আবু তাহের। মামুন মিয়া ওই প্রার্থীকে আগে থেকে পছন্দ করেন। পছন্দের প্রার্থীর প্রচারে ভিন্ন মাত্রা যোগ করতে তাই নিজের মাথাক আনারস প্রতীকের আদলে সাজিয়ে নিয়েছেন। মামুনের দাবি, পছন্দের প্রার্থীর প্রতি ভালোবাসার নির্দশনস্বরূপ নিজের মাথার চুল দিয়ে আনারস তৈরী করেছেন তিনি।

চিওড়া ইউনিয়নের বাসিন্দা আবুল বাশার বলেন, ‘মামুন তাঁর নতুন চেহারা নিয়ে প্রতিনিয়ত স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অভিনব প্রচারণা এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তরুণরা তাঁর সঙ্গে সেলফি তুলছেন।’

মামুনের এমন প্রচারণার প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বলেন, ‘ভক্তরা আমাকে সম্মান, ভালোবেসে নানা কাজ করেন। ওর এমন পাগলামি ভোটারদের ও এলাকাবাসীর মধ্যে নির্বাচন নিয়ে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।’

মামুন মিয়া বলেন, ‘আমি ১০ বছর ধরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করি। আবু তাহের ভালো মানুষ। তিনি দুইবার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মানুষের জন্য কাজ করেছেন। এবারও আনারস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আমি তাকে ভালোবাসি। এজন্য নিজের মাথাকে আনারস বানিয়েছি। মাথার চুলকে আনারসে রূপ দিতে আমার ১২০০ টাকা খরচ হয়েছে। এই টাকা আমি নিজেই খরচ করেছি। কারণ মানুষ পছন্দের প্রার্থীর জন্য কত কিছুইতো করে। আমি তো কেবল মাথা সাজিয়ে নিয়েছি। প্রার্থী জয়ী হলেই আমার এই কষ্ট স্বার্থক।’

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর চিওড়া ইউপিতে নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন পাঁচজন। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আবু তাহের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়েছেন। অপর চার চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগের মো. একরামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মো. খোকন ভূঁইয়া, স্বতন্ত্র (টেলিফোন) প্রার্থী মো. আবুল কালাম আজাদ ও (ঘোড়া) প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular