- নিজস্ব প্রতিবেদক: ‘যারা নৌকা প্রতীকে ভোট দিতে চান না, তাদের ভোটকেন্দ্র যাওয়ার প্রয়োজন নেই- যারা নৌকায় ভোট দেবেন তারাই শুধু কেন্দ্র আসবেন’ টাঙ্গাইলের মধুপুরে পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণায় সরকার দলীয় এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিতর্কিত বক্তব্যের জেরে সেই অরণখোলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল স্থগিত করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
অরণখোলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) আব্দুর রহিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেওয়া ওই আওয়ামী নেতার নাম সাদিকুল ইসলাম সাদিক। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সেইসাথে তার বিরুদ্ধে (জিআর) মামলারও নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১২ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠিয়েছেন। সোমবার (১৩ জুন) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী এ বিষয়টি নিশ্চিত করেন।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হলো। অপর একটি নির্দেশনায়, বিতর্কিত বক্তব্য দেওয়ায় চেয়ারম্যান সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (৮ মে) বিকেলে অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান সাদিকুল ইসলাম নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিমের পক্ষে বক্তব্য দেন।
তিনি বলেন, ১৫ তারিখ সারাদিন ভোট হবে এবং নৌকা মার্কায় ভোট হবে। যারা নৌকা মার্কায় ভোট দিবেন শুধু তারাই কেন্দ্রে আসবেন।
তিনি আরও বলেন, আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে ২ হাজার ৪০০ ভোট রয়েছে, যদি ২ হাজার ভোট কাস্ট হয়, আমরা ২ হাজার ভোটই পেতে চাই। যে কোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে।
এজন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতারা আমরা প্রত্যেক কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব। কেন্দ্রের আশপাশেই আমরা অবস্থান করবো। তার এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যেই ভাইরাল হয়। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।