শরীফুজ্জামান, বাসাইল: ঈদে নৌকাযোগে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের বাসাইলে ২ শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিল চালিত নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬ মাসের শিশুসহ মা আহত হয়েছে।
শনিবার (১ মে) বেলা সাড়ে ১২ টার দিকে
উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা এলাকার ঝিনাই নদীর একটি ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের কর্মরত পোশাক কর্মীরা ঈদের ছুটি পেয়ে একসাথে চারটি নৌকায় ভাওয়াল মির্জাপুর হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল।
পথিমধ্যে ওই উপজেলার ঝিনাই নদীর নথখোলা ব্রিজের কাছে পৌঁছলে ব্রিজের নিচ দিয়ে তিনটি নৌকা ভালভাবে পার হলেও চতুর্থ নৌকাটি ব্রিজের টেষ্ট পাইলের সাথে ধাক্কা লেগে নৌকাটির তলা ছিদ্র হয়ে যায়।
এতে নৌকায় পানি প্রবেশ করলে প্রাণ বাঁচতে যাত্রীরা তাড়াহুড়ো করে নদী ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে পাড়ে পৌঁছে। এসময় পাড়ে উঠতে গিয়ে ৬ মাসের শিশুসহ মা আহত হয়।
নৌকার যাত্রী নূরুল্লাহ্ বলেন, ৪ টি নৌকায় প্রায় ১ হাজার যাত্রী ছিল। তারমধ্যে আমাদের নৌকায় শিশুসহ প্রায় ২৫০ জন যাত্রী বহন করে। ব্রিজের টেষ্টপাইলের সাথে ধাক্কা লেগে নৌকা ডুবে যায়। যাত্রীরা অনেক কষ্টে সাঁতরে পাড়ে উঠতে পারলেও মালামাল হারিয়ে যায়।
উদ্ধারকারী নৌকার মালিক নথখোলার কবির হাসান বলেন, ব্রিজের টেষ্টপাইলের সাথে নৌকাটির দুর্ঘটনা ঘটে। খবর শোনার পর দ্রুত এসে যাত্রীদের মধ্যে থাকা শিশুসহ মালামাল উদ্ধার করা হয়। এ পিলারে ইতিপূর্বেও তিনবার দুঘটনা ঘটেছে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দুর্ঘটনা কবলিতদের দ্রুত উদ্ধার করায় কোন প্রাণহানি হয়নি।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, এলাকাবাসীর অনুরোধের পর আমি রোডস এ্যান্ড হাইওয়ের সাথে অপসারনের বিষয়ে কথা বলেছি। এ বিষয়ে আবারো তাদেরকে অনুরোধ করা হবে।
