বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাএমপি ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

এমপি ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এনিয়ে রবিবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পাঠিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। তার এ অভিযোগে আরও ৭ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষর করেছেন।

তবে সংসদ সদস্য ছোট মনির হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে কখনোই হুমকি দেননি। ষড়যন্ত্রমূলকভাবে তাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১০ এপ্রিল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার তারাকান্দি-ভূঞাপুর যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে অবৈধ বালু উত্তোলন বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেন।

এছাড়া হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং তার পরিবারের নিরাপত্তা বিধানের সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংসদ সদস্য ছোট মনির তাকে প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে রবিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ইউনুস ইসলাম তালুকদার হুমকির বিষয়টি সভায় উপস্থাপন করেন।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম তাদের বক্তব্যে এ ঘটনার নিন্দা জানান। পরে বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অবহিত করার দাবি জানান।

হুমকির এই ঘটনার বিবরণসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এই স্মারকলিপিতে জেলার ১২ জন উপজেলা চেয়ারম্যানের মধ্যে ছয়জন সাক্ষর করেন।

এরা হচ্ছেন, গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাসাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান ও নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম।

হুমকি প্রদান প্রসঙ্গে সংসদ সদস্য ছোট মনির মুঠোফোনে জানান, গত ১০ এপ্রিল গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কিছু মিথ্যা অভিযোগ আইনশৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেন। সভা শেষে তিনি (সংসদ সদস্য) জেলা প্রশাসক কার্যালয় থেকে চলে আসেন। উপজেলা পরিষদ চেয়ারম্যানকে হুমকি দেওয়া দূরের কথা কোন কথাও হয়নি।

সংসদ সদস্য ছোট মনির আরও বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সামনে নির্বাচন আসছে। তাই আমাকে হেয় করার জন্য এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব মিথ্যা অভিযোগ করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular