বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeবিনোদনকনস্টেবলের পোশাকে ডিআইজি-এসপির অভিনয় করতেন হিরো আলম

কনস্টেবলের পোশাকে ডিআইজি-এসপির অভিনয় করতেন হিরো আলম

অভিনয়ের সময় কনস্টেবলের ইউনিফর্ম পরে পুলিশের ডিআইজি-এসপির অভিনয় করতেন বাংলাদেশে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ক্ষেত্রে তিনি কোনো ধরনের অনুমতি নিতেন না। তবে ভবিষ্যতে আর এমনটি করবেন না বলে জানিয়েছেন।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, এ ধরনের ইউনিফর্ম পরার আগে যে অনুমতি নেওয়া লাগে তা হিরো আলম জানতেন না বলে স্বীকার করেছেন। একই সঙ্গে হিরো আলম পুলিশের ইউনিফর্ম পরে বিকৃতভাবে অভিনয় না করার কথা জানিয়েছেন।

হিরো আলমের ভিডিও কন্টেন্টের বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, অর্থ রোজগারের জন্যই মূলত হিরো আলম বিভিন্ন ভাইরাল ইস্যু কেন্দ্রিক কন্টেন্ট তৈরি করতেন। গুণগত মানের চেয়ে তিনি বেশি ভিউ এবং বেশি উপার্জনের লক্ষ্যে নির্মাণ করতেন কন্টেন্ট।

এসময় দেশের বেশকিছু রাজনৈতিক নেতা ও মডেল-অভিনেত্রী নিয়ে হিরো আলমের বিভিন্ন গানের বিষয়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম জানতে চায়। কিন্তু তিনি এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। গানগুলো হচ্ছে, যেমন ‘পালালো পালালো মুরাদ হাসান’, ‘রাতের রানী পিয়াসা’ এবং মৌ ও পরীমনি নিয়ে বিভিন্ন গান।

এছাড়া বিভিন্ন জনপ্রিয় শিল্পী ও কলা-কুশলীদের গান গাওয়া ও বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসব জিজ্ঞাসাবাদে হিরো আলম নিজের ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ করবেন না বলে মুচলেকা দেন। এর আগে সকালে ডিবিতে ডাকা হয়েছিল হিরো আলমকে।

নিজের মতো করে গান গেয়ে ও মিউজিক ভিডিও তৈরি করে সোশাল মিডিয়ার কল্যাণে সারাদেশে পরিচিত বগুড়ার হিরো আলম। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি।

সম্প্রতি তিনি রবীন্দ্র সংগীত গাইলে তা নিয়ে ওঠে সমালোচনা। তিনি গান ‘বিকৃত’ করেছেন বলে বিশিষ্টজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে হিরো আলমকে ডেকে নেয় ডিবির সাইবার ক্রাইম ইউনিট।

পুলিশ কর্মকর্তা হারুণ বলেন, “অনেক বিশিষ্ট ব্যক্তি বলেছেন, এগুলো (হিরো আলমের গান) এদেশের কৃষ্টি সংস্কৃতির সাথে মিলে না এবং বিকৃত।

“সাইবার ইউনিটে আসা এসব অভিযোগের বিষয়টি যাচাই করে তাকে ডেকে আনা হয়। তার সাথে প্রায় দুই ঘণ্টা কথা হয়েছে। পরে দুপুরে তিনি চলে যান।”

হিরো আলম গণমাধ্যমকে জানান, ‘‘আমাকে কয়েকটা অভিযোগে ডাকা হয়েছিল। আমি ‘রাতের রানি’ নামের একটা গান করেছিলাম। সে গান নিয়ে দুইজন মডেলের আপত্তি ছিলো। এরপর রবীন্দ্রসংগীত নিয়ে অভিযোগ ছিল। আমাকে হারুন স্যার বলেছেন, সুর ছাড়া রবীন্দ্রসংগীত গাওয়া যাবে না। তার মানে আমি রবীন্দ্রসংগীত গাইব না, এমনটা তো না। আমাকে ভালো কনটেন্ট বানাতে বলেছেন।’’

তিনি আরও বলেন, ‘ভালো ভালো কনটেন্ট বানাতে চেষ্টা করবো। গান করলে ভালো গান করব।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular