করোনা পরিস্থিতি, টাঙ্গাইল: আজ নতুন আক্রান্ত ২৬, সংখ্যা বেড়ে ২৫শ’ ছাড়াল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫শ’ ছাড়িয়ে গেছে। শনিবার নতুন করে ২৬ জন শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১৮ জন, মধুপুরে ৫ জন, ঘাটাইলে ১ জন এবং কালিহাতী উপজেলায় ২ জন রয়েছেন।

শনিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত গতকাল শুক্রবারের নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত হয়। করোনায় জেলায় মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ১৭৪৮ জন, আর চিকিসাধীন রয়েছেন ৭২৭ জন।

সূত্র আরো জানায়, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সদর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। আর সব চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয় বাসাইল উপজেলায়। জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে ১০২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে আজ পর্যন্ত ৮৭৯ জন করোনায় আক্রান্ত হয়। মাস ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ রায় বলেন, সদর উপজেলায় মোট করোনায় আক্রান্তের মধ্যে পৌর শহরেই ৯০ থেকে ৯৫ ভাগ রোগী আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব মানার কোনো বিকল্প নেই। মানুষকে নিজেই নিজের সচেতন হতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে এবং মাস্ক পড়তে হবে।

এছাড়া করোনা নমুনা দেয়ার পর থেকে নমুনার ফলাফল আসা না পর্যন্ত নিজ বাসায় আইসোলেশনে থাকতে হবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, মানুষ আগের তুলনায় স্বাস্থ্য বিধি মানছে না। বিশেষ করে মাস্ক ব্যবহার করছে না। মানুষকে নিজেই নিজের সচেতনতা হতে হবে। প্রথম দিকে করোনায় আক্রান্তের সংখ্যা কম ছিলো। কিন্তু পরে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বেশির ভাগ মানুষ বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, করোনায় টাঙ্গাইলের সংসদ সদস্য, নবাগত জেলা প্রশাসক, সিভিল সার্জন, মেয়র, প্যানেল মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার, ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আক্রান্ত হয়েছেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর