শুভ্র মজুমদার, কালিহাতী প্রতিনিধি : আসন্ন কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক মাহমুদুল হাসান দীপুল ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। মাহমুদুল হাসান দীপুল কালিহাতী পৌর সভার সিলিমপুর গ্রামের মৃত. মাইন উদ্দিন মাষ্টারের ছেলে ও কালিহাতী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
মাহমুদুল হাসান দীপুল প্রতিদিন ভোর থেকে মধ্য রাত পর্যন্ত শীতকে উপেক্ষা করে কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ করে চলেছেন। ইতিমধ্যে ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বিভিন্ন এলাকায় ও বিভিন্ন চা স্টলে গিয়ে গিয়ে উঠান বৈঠক করে ভোটার ও সাধারন মানুষের সাথে মতবিনিময় করছেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরছেন।
উঠান বৈঠক ও মতবিনিময় সভায় মাহমুদুল হাসান দীপুল বলেন, জনগণের সেবা করার মনোভাব নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। গত নির্বাচনেও প্রার্থী হয়েছিলাম কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে মনোনয়ন দেয়নি কিন্তু যাকে মনোনয়ন দিয়েছিল তার পক্ষে নিরলস ভাবে কাজ করেছি। এবার বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো বলে আশা করছি। নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তা-ঘাট,স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সকল উন্নয়ন কাজে অংশ নিয়ে কালিহাতী উপজেলাকে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ মুক্ত করে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।
