গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে মহানগরীর গাছা থানার বসুরা কাজীবাড়ি এলাকার বাইপাস রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ছুরি একটি তলোয়ার উদ্ধার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সামন্তপুর এলাকার মনির হোসেনের ছেলে মো. হাছিব হোসেন (২০), একই এলাকার মো. কবির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯), মো. ইসমাইল হোসেনের ছেলে মো. রিফাত হোসেন (১৮), মো. বাবুল মিয়ার ছেলে মো. রিফাত (১৮) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কাকনহাটি এলাকার মো. লুৎফর রহমানের ছেলে মো. মোশারফ হোসেন (২০)।
গাছা থানার পরিদর্শক (তদন্ত) মো. মালেক খসরু খান জানান, সোমবার রাতে একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান স্থানীদের সহায়তায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরো চার ডাকাত পালিয়ে যায়।
