- অনলাইন থেকে: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ গ্রামের এক গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টা করেন একই উপজেলার উত্তর শাহবাজ গ্রামের ঈমান প্রিন্সিপালের ছেলে আরাফাত রহমান (২২)। একপর্যায়ে ধর্ষণ করতে না পেরে গৃহবধূকে মারধর করেন।
এতে গুরুতর আহত হন ওই গৃহবধূ। পরে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা নেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূর অভিযোগ, উত্তর শাহবাজ গ্রামের ঈমান প্রিন্সিপালের ছেলে আরাফাত রহমান তাকে ধর্ষণ করতে না পেরে মারধর করেন। আরাফাত সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেলের ছোট ভাই।
এছাড়া দলীয় প্রভাবে সে দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। কিন্তু প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। তার অভিভাবককে বিষয়টি জানালে তারাও কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে ভুক্তভোগী বৃহস্পতিবার রাতেই সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও বিকেল তিনটা পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।
সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখার মোকাদ্দেস জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
