নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আরোও এক যুবক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ২ নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবক ২নং ঘাটাইল ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের মির্জা দেলোয়ার হোসেনের ছেলে মিজানুর রহমান। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার হিসাবে কর্তব্যরত ছিলেন।
কান্দুলিয়া গ্রামের জহুরুল ইসলাম জানান, ডাক্তার মিজানুর রহমান তার পরিবার নিয়ে টাঙ্গাইলে বাসা নিয়ে বসবাস করেন। সেখান থেকেই তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতেন। এই সংবাদে আমাদের গ্রামে আতঙ্ক বিরাজ করছে। করোনা প্রতিরোধের সন্মুখ যোদ্ধারা এভাবে করোনায় আক্রান্ত হয়ে গেলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পরার উপক্রম হবে বলে ধারনা করেন তিনি।
২ নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী জানান, কান্দুলিয়া গ্রামের মিজানুর রহমান ময়মনসিংহের ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার হিসাবে কর্তব্যরত ছিলেন। করোনাভাইরাস শনাক্তর পরীক্ষা করে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার (২১ এপ্রিল) নিশ্চিত হওয়া গেছে যে তার শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। পরে তিনি তার পরিবার সদস্যদের বিষয়টি অবহিত করেন। বর্তমানে সে ফুলবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।