রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিমি পূর্বে বংশাই নদীর পাড়ে অবস্থিত ধলাপাড়া হাট। এ হাট থেকে প্রতি বৃহস্পতিবার ও সোমবার কোটি টাকার খাট, সোফাসেট,ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, শোকেস, চেয়ার-টেবিল এবং দরজা-জানালা বিক্রি হয়।
পছন্দসই বাহারি ডিজাইন, নাগালের মধ্যেই দাম, সড়ক ও নৌপথের পরিবহন সুবিধার জন্য দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলের ঘাটাইল ধলাপাড়া ‘ফার্নিচার হাট’।
সরেজমিনে জানা গেছে, দেশের বৃহত্তম আসবাবপত্রের (ফার্নিচার) হাট ধলাপাড়া। সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার এই দুই দিন বসে এ ফার্নিচার হাট। সপ্তাহে প্রায় কোটি টাকার তৈরিকৃত আসবাবপত্র বেচাকেনা হয় এখানে। উত্তর অঞ্চলের জেলা ময়মনসিংহ, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাব-পত্র কেনার জন্য।
কাঠের মধ্যে খোদাই করা বাহারি নকশায় ফুলবক্স, সেমিবক্স, বেগি খাট, বোম্বাই ও রাশিয়ান খাট পাওয়া যায় এ হাটে। ২ হাজার থেকে ৬০ হাজার টাকা মূল্যের খাট পাওয়া যায়। এছাড়াও গোল ড্রেসিং টেবিল, ছয়কোনা ড্রেসিং টেবিল, তিনচাল ড্রেসিং টেবিল, দুইচাল ড্রেসিং টেবিল, কানিশ ড্রেসিং টেবিল এবং লতা সোফা, হাতি শুঁড় সোফা, বল সোফা ও বক্স সোফাসেটও বিক্রি হয়।
উচ্চবৃত্ত থেকে নিম্নবৃত্ত সব শ্রেণীর লোকজন এ হাটের ক্রেতা।
