সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে শিশুর রহস্যজনক মৃত্যু

ঘাটাইলে শিশুর রহস্যজনক মৃত্যু

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে লিয়ন (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। লিয়ন উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে নদীর পাড়ের বাঁশঝাড়ের কাছে তার লাশ পাওয়া যায়।

লিয়নের পরিবার ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে লিয়ন বড়শি নিয়ে বাড়ির কাছেই বংশাই নদীতে মাছ ধরতে যায়। দুপুরের খাওয়ার সময় হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে নদীর পাড়ে যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে নদীর পাড়ের কাছেই একটি বাঁশঝাড়ের কাছে লিয়নের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লিয়নের বাবা মোবারক হোসেন জানান, লিয়নের চোখের দুই পাশে জখম হয়ে আছে। তার গলায় নখের আচড়ের মতো চিহ্ন আছে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য কিছু এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি লিয়নের বাবা।

প্রতিবেশী বিপ্লব জানান, নদীর পাড়ের বাঁশঝাড়ের যেখানে শিশুটির লাশ পাওয়া গেছে সে জায়গাটিতে সচরাচর গ্রামের কোনো লোকজন যায় না।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি আপাতত রহস্যজনক মনে হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular