নিউজ ডেস্ক: রূপগঞ্জ থেকে ছিনতাই হওয়া ভুট্টাবোঝাই ট্রাক সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের কড্ডা। এলাকা থেকে ৪০০ বস্তা ভুট্টাসহ ট্রাকটি উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন বগুড়ার শেরপুর থানায় সদর হাসরা এলাকার বাদুল্লার ছেলে দুলাল মণ্ডল, সিরাজগঞ্জের বাহুতি এলাকার মফজেল শেখের ছেলে আবদুর রহিম ও একই জেলার বাগডুমুর এলাকার মজিদ শেখের ছেলে আতিকুল ইসলাম।
এর আগে গত ২৮ জানুয়ারি রূপসী সিটি মিল থেকে উত্তরবঙ্গ ট্রান্সপোর্টের মাধ্যমে (ঢাকা মেট্রো ট-১৮-৪০৯১) ট্রাক ভাড়া করে ৪০০ বস্তা ভুট্টাবোঝাই করে টাঙ্গাইল নুর পোল্ট্রির উদ্দেশে ছেড়ে যায়। যথাসময়ে ভুট্টা টাঙ্গাইল না পৌঁছলে নুর পোল্ট্রির মালিক উত্তরবঙ্গের ম্যানেজার আবুল কালাম আজাদকে বিষয়টি জানান। পরে ট্রাকচালক রুবেল ওরফে সাঈদ ও হেলপারের মোবাইলে ফোন করলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
পরে গত ১৬ ফেব্রুয়ারি ওই ট্রান্সপোর্টের ম্যানেজার আজাদ ট্রাকচালক রুবেল ওরফে সাঈদ ও গাড়ির মালিক আমিনুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের কড্ডা এলাকার মিরপুর রোড রেলগেট এলাকা থেকে ভুট্টাসহ একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ট-১৩-৪৯০৯) উদ্ধার করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।