জয়পুরহাটে জিয়ার ছবি ছাড়া ব্যানার, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

 

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে এক বক্তার বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ হিসেবে সম্বোধন করায় সভায় দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর।

আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান। পরে জেলা প্রশাসকসহ কর্মকর্তারা ব্যানার নামিয়ে জিয়াউর রহমানের ছবিসংবলিত একটি পোস্টার স্কচটেপ দিয়ে সাঁটিয়ে দিলে অনুষ্ঠান শুরু হয়। এতে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা বিলম্ব ঘটে।

সভা চলাকালে জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় একাধিকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে সভাস্থলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভসহ কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে ডায়াসের দিকে এগিয়ে যান। পরে ওই বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা প্রতিবাদ জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানারটি তৈরি করা হয়েছিল। এ ত্রুটির জন্য তিনি সবার সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন।

অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাটি ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব এবং জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, দীর্ঘ ১৯ বছর পর দিবসটি পালন করা হচ্ছে। অথচ শহীদ জিয়াউর রহমানের ছবি ছাড়া ব্যানার তৈরি করা অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের দাবি, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চক্রান্তের বহিঃপ্রকাশ এটি।

সূত্র: ঢাকা মেইল।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর