নাগরপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইয়ামিন মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইয়ামিন মিয়া নাগরপুর সদরের নুর মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি ভুক্তভোগী কিশোরীর আত্মীয় বলে জানিয়েছে পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ইয়ামিন কৌশলে ওই কিশোরীকে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় শুক্রবার (৬ নভেম্বর) রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর শনিবার অভিযুক্ত ইয়ামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর