নিজস্ব প্রতিনিধি: স্কুল-কলেজের মতো শতবর্ষী এমপিওভুক্ত মাদ্রাসাও জাতীয়করণের দাবিতে ‘এমপিওভুক্ত শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরাম’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ লক্ষ্যে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে সিরাজগঞ্জের কামারখন্দ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আমিনুল করিমকে। সদস্য সচিব হয়েছেন টাঙ্গাইলের রোকেয়া কামিল মাদ্রাসার প্রভাষক মিজানুর রহমান রুবেল।
ফোরাম সংশ্লিষ্টরা জানান, সরকারের দৃষ্টি আকর্ষণ এবং দেশের শতবর্ষী মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ঐক্যবদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে দেশের ৯০টি শতবর্ষী মাদ্রাসাকে নিয়ে ফোরামটির কার্যক্রম শুরু হয়েছে।
জাতীয়করণের লক্ষ্যে শতবর্ষী স্কুল-কলেজের তালিকা যেভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সংগ্রহ করেছে, একইভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে দেশের শতবর্ষী মাদ্রাসার তালিকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
১১ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে টাঙ্গাইলের গাঙ্গাইর নাজমুল ইসলাম ফাজিল মাদ্রাসার প্রভাষক সুমন সরকার ও রোকেয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজুর রহমানকে। যুগ্ম সদস্য সচিব হয়েছেন ভোলার বোরহান উদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম ফিরোজ।
এ ছাড়া প্রধান তথ্য ও ডাটা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের গোহালিয়াবাড়ি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম। আইটি ও মিডিয়া কো-অর্ডিনেটর ভোলার হাকিমুদ্দিন সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ এবং অর্থ সমন্বয়ক টাঙ্গাইলের রোকেয়া কামিল মাদ্রাসার প্রভাষক ফয়সাল জীত।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কিশোরগঞ্জের আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ভুঁইয়া, সিলেটের ঝিংগাবাড়ি সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক বিলাল আহমেদ এবং পাবনার উলাট সিদ্দিকিয়া সি ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. রেজাউল করিম।
এদিকে ফোরামের কার্যক্রম পরিচালনায় আট বিভাগে আটজন সমন্বয়কও নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন সিলেটে ড. মো. আহমদুল্লাহ, রাজশাহীতে রাহিমা খাতুন, চট্টগ্রামে মো. বায়জিদ, ঢাকায় মো. হাবিবুল্লাহ, ময়মনসিংহে মো. নুরুল আলম, বরিশালে মো. রফিকুল ইসলাম, খুলনায় মো. ইলিয়াস হোসেন এবং রংপুরে আবু রেহান সেন্টু।
আহ্বায়ক কমিটির প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে অনলাইন গুগল ফরম ও সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠার সালসহ দেশের শতবর্ষী মাদ্রাসার তথ্য সংগ্রহ ও যাচাই করে ডাটাবেস চূড়ান্ত করা। আগামী তিন মাসের মধ্যে ফোরামের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদনের পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি বিভাগ ও জেলা পর্যায়ে শতবর্ষী মাদ্রাসার প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে যোগাযোগ এবং মতবিনিময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে আহ্বায়ক কমিটি।
