ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। জয়ের আবহ নিয়ে বুধবার সকালে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেললেও জুনিয়র ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারেননি।
বিষয়টি নিয়ে সিরিজ শেষে কথা বলেছেন মাশরাফি বিন মুর্তজাও। আজ সোমবার এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান। তিনি জানিয়েছেন জুনিয়রদের জুনিয়র হিসেবে ট্রিট করা ঠিক না, ওদেরকে বড় দায়িত্ব দিতে হবে যাতে ওরা দেশের জন্য বড় কিছু করতে পারে।
জুনিয়র ক্রিকেটারদের দায়িত্বের বিষয়ে সারোয়ার ইমরান বলেন, ‘সমস্যাটা লোকাল ক্রিকেট থেকে শুরু করতে হবে আমাদের। এই জিনিষগুলো ভালো করতে হবে। সঙ্গে আম্পায়ারিংয়ের মানও বাড়াতে হবে। আরেকটা জিনিষ হচ্ছে ওদের যদি সব সময় জুনিয়র হিসেবেই দেখে যাই তাহলে ওরা সামনে এগতে পারবেনা।
তাদেরকেও দায়িত্ব দিতে হবে। উদাহরণ দিতে গেলে বিপিএলে পাঁচ জনের জায়গায় চারজন বিদেশি খেলতো তাহলে জুনিয়ররা দায়িত্ব নিতে পারত। এসব ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে। আর জুনিয়রদের জুনিয়র হিসেবে ট্রিট করা ঠিক না, ওদেরকে বড় দায়িত্ব দিতে হবে যাতে ওরা দেশের জন্য বড় কিছু করতে পারে।’
টি-টুয়েন্টি সিরিজে বোলারদের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘এটা পরিসংখ্যান দেখে বলা সম্ভব না। নয় বছর পর আমরা বাইরে সিরিজ জিতেছি। সেই হিসেব করলে বলব যে ১ নম্বর দলের সাথে যখন ৫ নম্বর দল খেলে যে কেউ জিততে পারে। আমরা ওদের সাথে যখন খেলব জেতার পঞ্চাশ ভাগ সম্ভাবনা রয়েছে।’
টি-টোয়েন্টিতে শেষ দিকে ব্যাট করতে পারে এমন ব্যাটসম্যান দলে থাকা প্রয়োজন। বাংলাদেশ দলেও এমন বেশ কয়েকজন স্লোগার আছেন। তাদের বিষয়ে সারোয়ার ইমরান বলেন, ‘সাব্বিরের মত হার্ড হিটার বাংলাদেশে কমই আছে।
আরিফুল আছে কিন্তু সে সুযোগ পাচ্ছে না। সে সুযোগ পেলে প্রমাণ করবে নিজেকে। এগুলো নির্বাচক এবং টিম ম্যানেজম্যান্টের বুঝতে হবে। একজন যদি নিয়মিত ফেল করে তাহলে তার অন্য কোথাও সমস্যা আছে নাকি সেগুলো খুঁজে বের করতে হবে। মেন্টালি, ট্যাক্টিকালি সমস্যা থাকতে পারে, এগুলো টিম ম্যানেজম্যান্টকে দেখতে হবে।’
ওয়ানডে সিরিজে তামিমের সঙ্গে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। ওয়ান ডাউনে নেমে সাকিব তার সঙ্গে তিন ম্যাচেই ভালো জুটি গড়েছেন। দলের বড় সংগ্রহের ভিত গড়েছেন। এই সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে আসলে বিজয়, সৌম্য এবং লিটন তিনজনই ভালো।
যদিও তেমন পারফর্মেন্স নেই তাদের। কিন্তু লিটন একমাত্র যার ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স আছে। তিনজনের যে কেউ ভালো করতে পারে। আসলে এটা নির্ভর করে ওরা নিজেদেরকে ব্যবহার করছে। ওয়ানডের সময় টি-টোয়েন্টির মত আর টি-টোয়েন্টির সময় ওয়ানডের মত ব্যাট করলে হবে না।
এই কাজটা আমরা করে থাকি। ওদের এসব জিনিষগুলো বুঝতে হবে। আর তামিমও এখন অনেক পরিণত। আশা করব টি-টোয়েন্টিতে সে খোলস থেকে বের হয়ে আসবে। ওয়ানডেতে ওয়ানডের মতোই খেলেছে সে। টি-টুয়েন্টিতে আরও অ্যাটাকিং খেলতে হবে।’
