নিউজ টাঙ্গাইল ডেস্ক: এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্র সমাজের সাবেক এই সম্পাদক এর আগে জাতীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এনাম জয়নাল আবেদীনের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামে।
বুধবার পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ১২ ধারার ৩ এর উপধারা মোতাবেক এ পদে তাঁর নামসহ অন্য আরও কয়েক জন নেতার নাম ঘোষণা করেন।
এদিকে এনাম জয়নাল আবেদীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পার্টির চেয়ারম্যানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ, সহসভাপতি ছিবার উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, মির্জাপুর পৌর জাতীয় পার্টির সভাপতি সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ।
এনাম জয়নাল আবেদীন ১৯৯৩-৯৮ সাল পর্যন্ত মির্র্জাপুর সরকারি কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সম্পাদক ও টাঙ্গাইল জেলা ছাত্র সমাজের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭-৯৮ সালে মির্জাপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সমাজ মনোনীত প্রার্থী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০০৩-২০০৬ সাল পর্যন্ত তিনি জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। এনাম জয়নাল আবেদীন জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি সিঙ্গারডাক আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও পাথরঘাটা দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি টাঙ্গাইল ক্লাব, সাধারণ গ্রন্থাগার, শিল্পকলা একাডেমি ও রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তিনি ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সমিতিরও আজীবন সদস্য।
ব্যক্তিজীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর রয়েছে ‘আবেদীন এন্টারপ্রাইজ’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়া আবেদীন ট্রাভেলস ও আবেদীন ফাউন্ডেশনেরও মালিক তিনি।
এদিকে এনাম জয়নাল আবেদীনকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তিনি পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙাকে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন।
