নিউজ ডেস্ক: টাঙ্গাইলে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঝর্ণা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের উপেন্দ্র সরবরের (দীঘি) দক্ষিন পাশে টাঙ্গাইল আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ঝর্ণা দেলদুয়ার উপজেলার শানপাড়া গ্রামের আব্বাস আলীর কন্যা। আহত আলা আমিন (২৪) কালিহাতী উপজেলার হাসান মোল্লার ছেলে।
জানা যায়, নিহত ঝর্ণা তার মায়ের সাথে পাশ্ববর্তী উপজেলা দৌলতপুর থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী গ্রামের উপেন্দ্র সরবরের (দীঘি) দক্ষিণ পাশে টাঙ্গাইল আরিচা মহাসড়কে পৌঁছালে অপর দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে শিশু ঝর্ণা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্বার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ঝর্ণার ফুফা আলা আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাহেদ আল ইমরান
বার্তা বাজারকে জানান, বিকেল ৫ টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশু ঝর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ঝর্ণা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।