টাঙ্গাইলে ঋণশোধে সন্তানকে বিক্রি! অতঃপর…

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে শাহ আলম নামের এক মাদকাসক্ত ৪৫ হাজার টাকায় বিনিময়ে নিজের তিন মাস বয়সী সন্তানকে বিক্রি করে দিয়েছিল। গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ১৬ দিন পর স্থানীয় প্রশাসন শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে মাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। এই তথ্য শুক্রবার (১৬ জুলাই) রাতে গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক নিশ্চিত করেছেন।

উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়া গ্রামের দিনমজুর শাহ আলম ও রাবেয়া দম্পতির তিন পুত্র সন্তান।

শিশুর মা রাবেয়া বলেন, দিনমজুর স্বামী শাহ আলমের উপার্জনে পাঁচজনের সংসার চলে না। করোনাকালে কাজ না থাকায় কয়েকমাস ধরে শাহ আলম বেকার। বেশ কিছু টাকা ঋণও রয়েছে। পাওনাদাররা প্রতিদিনই টাকার জন্য তাগাদা দিচ্ছিলেন। হতাশায় স্বামী মাদকাসক্ত হয়ে পড়েন। পাওনা টাকা পরিশোধ ও সংসারের অভাব অনটনের কারণে তিন মাস বয়সী শিশুকে বাইশকাইল গৈজারপাড়া গ্রামের সবুজ মিয়া ও স্বপ্না দম্পতির কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, সবুজ ও স্বপ্না দম্পতিও নিঃসন্তান। তারা শাহ আলম-রাবেয়া দম্পতির অভাব অনটনের সুযোগ নিয়ে টাকার বিনিময়ে শিশুটি কিনে নেন। আদালতের অনুমতি নিয়ে দত্তক নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তারা সেটি করেননি। এ কারণে প্রশাসন সবুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শিশু আলহাজকে উদ্ধার করে মা রাবেয়া বেগমের কোলে পৌঁছে দিয়েছে। কেউ আগ্রহ প্রকাশ না করায় এবং মানবিক দিক বিবেচনায় থানায় কোন মামলা নেওয়া হয়নি।

গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক জানান, মাদকাসক্ত বাবা টাকার অভাবে তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন। এমন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারটিকে সার্বিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। বাবা মাদকাসক্ত হওয়ায় মা রাবেয়া বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে আয়া পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। নগদ অর্থ ও খাদ্য সহায়তাও দেয়া হয়েছে।

জেলা প্রশাসক আতাউল গনি নিশ্চয়তা দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে ওই শিশুর যাবতীয় ভরণপোষণ ও লেখাপড়ার দায়িত্ব নেওয়া হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর