নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় মুকুল আকন্দ (৫২) নামের এক রোগির মৃত্যুর অভিযোগে দায়িত্বরত হাসপাতালের কর্মকর্তা ও ইন্টার্নিরত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিহতের ছোট ভাই হুমায়ন আকন্দ রশিদ সোনা বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা দিকে শ্বাস কষ্টজনিত সমস্যা নিয়ে বড় ভাই মুকুল আকন্দকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হওয়ায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। আমার পরিবারের লোকজন এ্যাম্বুলেন্স ভাড়া করতে গেলে কর্তব্যরত ডা: সজিব অক্সিজেন খুলে দেয়।
বার বার অনুরোধ করার পরেও সে অক্সিজেন আর দেয়নি। অক্সিজেন দিতে অস্বীকৃতি জানায় কর্তব্যরত স্টাফরা। এরপর ছটফট করতে করতে মারা যায় আমার ভাই। এর প্রতিবাদ করলে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ডা: সজিবের নেতৃত্বে ১৫-২০ স্টাফ ও ইন্টার্নিরত শিক্ষার্থীরা আমাকে, নিহতে বড় ছেলে মাসুদ আকন্দ, মেঝো ছেলে রাসেল আকন্দ, নিহতের বউ হাসিনা বেগম, ভাগ্নে মিলন আকন্দ, ভাগ্নি মুক্তি, ভগ্নিপতি শামুসর রহমান এবং প্রতিবেশি শাহাদত হোসেনকে মারধর করে। এর পর ডাক্তার, স্টাফ ও ইন্টার্নিরত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে আমরা লাশ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ও টাঙ্গাইল প্রেমক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করি। আজ শুক্রবার আমার বড় ভাইয়ের দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারনে আমার মতো আর কারো যেন ভাই হারাতে না হয় সেই কামনা করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।