নিহতরা হলেন, রংপুর জেলার কোতোয়ালী থানার পুঠিমারী গ্রামের হিরো মিয়ার ছেলে সুলতান (২৪) ও একই জেলার কাউনিয়া থানার হারাগাছ গ্রামের আঃ ছামাদ মিয়ার ছেলে আনোয়ারুল (৩০)। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ১ জন চিকিৎস্বাধীন রয়েছেন। সে নওগাঁ জেলার মান্দা থানার চকগোপাল গ্রামের মমতাজের ছেলে রাব্বানী (২৫)।
নিহত সুলতানের বড় ভাই সোহেল জানান, গতকাল রাতে আনোয়ারুল ও সুলতান কবুতরের মাংস রান্না করে যৌন শক্তি বৃদ্ধির জন্য তার সাথে পারদ মিশিয়ে খায়। আর অবশিষ্ট অংশ মুদি দোকানদার রাব্বানীকেও দেয়। খাবার খেয়ে রাব্বানী চলে যায় তার শশুর বাড়ি। সেখানে রাত ১২টার দিকে বেশ কয়েকবার বমি করলে তাকে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুইজনই রাতের বেলা বমি করলে তাদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, রাব্বানীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করা হবে। তবে তারা কার বুদ্ধিতে কবুতরের মাংসের সাথে পারদ মিশিয়ে খেয়েছে তা জানা যায়নি।
মির্জাপুর থানার এস.আই আশিকুজ্জামান জানিয়েছেন, দুটি লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
