নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর ও মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একদিনে বাবা-ছেলেসহ ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারমধ্যে শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হন।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার পাথালিয়া এলাকার সিএনজি চালক সোহরাব হোসেন (৫৫) ও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে যাত্রী প্রদীপ পাল (৪০)।
এদিকে একইদিন বিকালে বাড়ি ফেরার পথে জেলার মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার নামক এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়।
তারা হলেন- উপজেলার আশ্রা গ্রামের কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)।
টাঙ্গাইল সদর: পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি সিএনজি করটিয়া থেকে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার চেষ্ট করলে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে দুইজন গুরুতর আহত হয়।
এরপর স্থানীয়রা সিএনজির চালক ও যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করে। পরে উন্নত চিকিৎসার প্রদীপ পালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই মারা যায়।
এ ঘটনায় এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সৈকত হোসেন বলেন- আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।
মধুপর: স্থানীয় প্রত্যক্ষদর্শী রুবেল মিয়া জানান, বাবা ও ছেলে দুইজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে একটি অটোরিকশাকে সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে তারা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।