শনিবার, মে ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ অ্যাপ চালু

টাঙ্গাইলে প্রবাসীদের নিরাপত্তায় ‘সেইফস্টেপ’ অ্যাপ চালু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দুই উপেজলায় প্রবাসীদের নিরাপত্তার জন্য ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) উদ্যোগে গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপের উদ্বোধন করে জেলা প্রশাসক আতাউল গনি।

উদ্বোধন সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে যারা উপার্জনের উদ্দেশ্যে বিদেশ যেতে চাইছেন বা বর্তমানে বিদেশে কর্মরত আছেন তাদের শ্রম অভিবাসনে প্রতারণা বা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে চালু করা হয়েছে ‘সেইফস্টেপ’ মোবাইল অ্যাপ্লিকেশন।

সে লক্ষে প্রাথমিকভাবে টাঙ্গাইল সদর এবং কালিহাতী উপজেলায় এ অ্যাপ চালু করা হয়। পর্যায়ক্রমে সকল উপজেলায় এ অ্যাপের কার্যক্রম চালু করা হবে। এছাড়া শ্রম অভিবাসন নিয়মতান্ত্রিক, নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে সেইফস্টেপ মোবাইল অ্যাপ্লিকেশনটিকে পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে সাজানো হয়েছে।

এই অ্যাপে একজন অভিবাসী কর্মী তার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, কাজের দক্ষতা- ইত্যাদি যোগ করে একটি সম্পূর্ণ জীবন বৃত্তান্ত তৈরি করতে পারবেন। যা অভিবাসী কর্মীকে তার অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী বিদেশে চাকরি পেতে সহায়তা করবে।

যে কেউ সহজেই ঘরে বসে এই অ্যাপে ব্যক্তিগত তথ্য দিতে পারবেন। ভবিষ্যতে কেউ বিদেশে গিয়ে অনিয়মিত হলে এখানে রাখা সফট কপি ব্যবহার করে সেসব কাগজপত্র উদ্ধার করতে পারবেন। আবার সাব-এজেন্ট/এজেন্সি দ্বারা প্রতারিত হলে এসব ডকুমেন্ট ব্যবহার করে আইনি প্রতিকার চাইতে পারবেন।

সভায় আরো জানানো হয়, অ্যাপটির ক্যালকুলেটর অপশন ব্যবহার করে হাতে-কলমে আর্থিক লাভ-ক্ষতি হিসাব করে জেনে-বুঝে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এই ক্যালকুলেটর ব্যবহার করে একজন অভিবাসী কর্মী কত টাকা খরচ করে বিদেশে যাবেন, কত টাকা বেতন পাবেন, ঋণ করলে সুদসহ তা পরিশোধ করতে কত টাকা লাগবে, এবং সব খরচ বাদ দিয়ে কত টাকা দেশে পাঠাতে পারবেন ইত্যাদি হিসেব করে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা পাবেন।

অভিবাসনের বিভিন্ন ধাপে বিপদে পড়লে বা ক্ষতিগ্রস্ত হলে কীভাবে কোথায় সহায়তা চাইতে হবে তা সহজেই জানা যাবে। সেইফস্টেপ অ্যাপ্লিকেশনে সহায়তা কেন্দ্র শিরোনামে একটি চ্যাটবক্স সংযোজন করা হয়েছে। একজন অভিবাসী কর্মী অভিবাসনের বিভিন্ন ধাপে প্রয়োজনীয় যেকোন প্রশ্ন জিজ্ঞাসা করতে বা কোন প্রতারণা, নির্যাতন, নিপীড়ন বা শোষণের শিকার হলে জরুরী সহায়তা চাইতে সেইফস্টেপ অ্যাপ্লিকেশনের সহায়তা কেন্দ্র অপশনটি ব্যবহার করবে।

সেইফস্টেপ অ্যাপে বাংলা, ইংরেজি ও আরবি- তিনটি ভাষা ব্যবহার করা হয়েছে। যেকোন অভিবাসী কর্মী বা তার পক্ষে তার পরিবারের কোন সদস্য তার স্মার্টফোনে সহজেই সেইফস্টেপ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। সেইফস্টেপ অ্যাপ্লিকেশনটি অভিবাসী কর্মীদের বিদেশে যাওয়ার প্রক্রিয়াকে নিয়মতান্ত্রিক, সহজ, ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে থাকবে বলে সভায় জানানো হয়।

অ্যাপ উদ্বোধন সভায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ‘রামরু’র ডিরেক্টর প্রোগ্রাম মেরিনা সুলতানা, প্রকল্প পরিচালক নুসরাত মাহমুদ, মাঠ সমন্বয়কারী নাজমা আক্তার, প্রোগ্রাম অফিসার আইয়ুব আলী, উইনরক ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজেশন ম্যানেজার আকিব আনোয়ার প্রমুখ’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular