নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে বেপরোয়া বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় টিটু খন্দকার (৩৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচা নূরুল ইসলাম (৫৮)। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের গোপালপুর উপজেলার গুলিপেচা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিটু খন্দকার উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ভেঙ্গুলা গ্রামের ডা. খন্দকার মোস্তফা হাসানের ছেলে। নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটু তার চাচা নূরুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলে পাসপোর্টের কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের গুলিপেচা এলাকায় পৌঁছালে ভূঞাপুরগামী বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চাচাকে নিয়ে ছিটকে পড়েন তিনি।
এতে টিটু ঘটনাস্থলেই মারা যান এবং চাচা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা টিটুর চাচাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে তারা তাকে ঢাকায় রেফার্ড করে।
এ বিষয়ে হেমনগর পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, টিটু তার চাচাকে নিয়ে চাচার হজে যাওয়ার পাসপোর্ট করতে মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল গিয়েছিলেন। কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফেরার পথে গুলিপেচা নামক স্থানে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় চাচাকে নিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
তিনি আরও বলেন, এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টিটু ঘটনাস্থলে নিহত হন এবং তার চাচা গুরুতর আহত হয়। খবর পেয়ে টিটুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ড্রামট্রাকের চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
