নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহতের ৬ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা সহায়তা প্রদান করেছে টাঙ্গাইল জেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা কার্যালয়ে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা প্রশাসনের মাধ্যমে নিহতদের দাফনসহ অন্যান্য কাজের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসা সেবার ব্যয়ও জেলা প্রশাসন বহন করবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু পূর্বে যাত্রীবাহী একতা পরিবহন নামে একটি বাস টোলপ্লাজা পার হয়ে গোল চত্বরে পৌঁছলে অপর একটি বাস ওভারটেক চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে উত্তরবঙ্গগামী চলন্ত মাইক্রোবাস (হাইচের) উপর উল্টে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়। আহত হয় অসংখ্য যাত্রী।
এমন ভয়াবহ দুর্ঘটনার সংবাদ পেয়ে পরে দ্রুত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালান। পরে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ঘটনাস্থলে দ্রুত পরিদর্শনে আসেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা কথা জানান।
