সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল সদর আসনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির দুই প্রার্থীই থাকছেন

টাঙ্গাইল সদর আসনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির দুই প্রার্থীই থাকছেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীই প্রতিদ্বন্দিতায় থাকবেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা এসেছিল। পরে শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতে আবার দলের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে, এ আসনে নৌকার প্রার্থীও প্রতিদ্বন্দিতায় থাকবেন।

আওয়ামী লীগ সূত্র জানায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকায় যান। এরপর তিনি শুক্রবার (২৮ ডিসেম্বর) গিয়ে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও সাধারণ সম্পাদক এম এ রৌফ শনিবার (২৯ ডিসেম্বর) জানান, দলীয় প্রধান শেখ হাসিনা নৌকার প্রার্থী ছানোয়ার হোসেনকে নির্বাচনে থাকতে এবং বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক কাজ করার কথা বলেছেন। শুক্রবার (২৮ ডিসেম্বর) রাতেই ছানোয়ার হোসেন টাঙ্গাইলে ফিরে নেতাকর্মীদের নৌকাকে বিজয়ী করতে কাজ করার জন্য নির্দেশনা দেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল বিভ্রান্তির অবসান ঘটিয়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ছানোয়ার হোসেনকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের কাজ করতে বলা হয়।
এদিকে এই আসনটির দাবিদার ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে মনোনয়ন দেয়। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন দলের জেলা শাখার আহ্বায়ক শফিউল্লাহ আল মুনির। তখন বলা হয়েছিল এ আসনটিতে জোট হবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা টাঙ্গাইল পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের সবগুলো আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। কিন্তু টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেননি। ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা বলেন, ‘টাঙ্গাইল-৫ আসনে আমরা ছানোয়ার হোসেনকে মনোনয়ন দিয়েছিলাম। সেখানে আমাদের জাতীয় পার্টির শফিউল্লাহ আল মুনির সেও প্রার্থী। জাতীয় পার্টির সঙ্গে আমাদের মহাজোটের সমঝোতা হয়েছে। কাজেই ঐক্যটাও আমাদের ধরে রাখা একান্তভাবে প্রয়োজন।’

এ আসনে অন্যান্যের মধ্যে বিএনপি থেকে মাহমুদুল হাসান (ধানের শীষ), ইসলামী আন্দোলনের খন্দকার ছানোয়ার হোসেন (হাত পাখা), বিএনএফ’র শামীম আল মামুন (টেলিভিশন), খেলাফত আন্দোলনের সৈয়দ খালেদ মোস্তফা (বটগাছ), ন্যাশনাল পিপলস পার্টির আবু তাহের (আম) ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী (মাথাল) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular