সোমবার, জুন ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইল-৭ উপনির্বাচনের পরিবেশ অন্য সব নির্বাচনের চেয়ে ভালো

টাঙ্গাইল-৭ উপনির্বাচনের পরিবেশ অন্য সব নির্বাচনের চেয়ে ভালো

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের পরিবেশ দে‌শের অন‌্য সব নির্বাচনের চেয়ে ভালো রয়েছে। এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রত্যেক প্রার্থী প্রচারণা করছেন। কারও কোনো অভিযোগ নেই। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, তাতে বলতে পারি, এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল-৭-এর উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা ব‌লেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

ভোট কারচুপির বিষয়ে নির্বাচন ক‌মিশনার বলেন, ভোটকেন্দ্রের বুথে ঢুকে যাতে একজনের ভোট আরেকজন দিতে না পারে, এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের শক্তভাবে নির্দেশনা দিতে হবে। কোনো কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণ না থাকলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে হবে। এটি করা না হলে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটু পিছপা হবে না। আর এ অনিয়ম অনেক কেন্দ্রে হলে পুরো নির্বাচন বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

অনিয়ম বা ভোট কারচুপির সঙ্গে কোনো প্রার্থীর এজেন্ট জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাজেয়াপ্তসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে অনিয়ম ও কোনো ধরনের শিথিলতা নির্বাচন কমিশন মেনে নেবে না।

নির্বাচনের আগে প্রার্থীদের এজেন্টদের হয়রানি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড করে যাতে নির্বাচনী আমেজ নষ্ট না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটাররা যাতে অনুভব করতে পারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণের পর যাতে প্রত্যেক ভোটার নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু ভোটের দিন নয়, ভোটের পরও যাতে কোনো সহিংসতা না হয়, সেদিকে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানান।

প্রজ্ঞাপনের বিষয়ে শাহাদাত হোসেন বলেন, করোনা প্রতিরোধে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি মেনেই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানোসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী রাখা হবে। নির্বাচনে করোনার কোনো নেতিবাচক আবহ হবে না।

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী, সহকারী রিটার্নিং অফিসার এইচ এম কামরুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা করছেন। গত ১৬ নভেম্বর স্থানীয় সাংসদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular