মাশরাফি এখন বলতেই পারেন, আমার কাজ শেষ এবার যাবার পালা। হ্যাঁ, তিনি ফিরে আসবেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। ক্যারিবীয় দ্বীপ কিংবা ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ড্রেসিং রুমে তিনি থাকছেন না।
টেস্ট সিরিজটা হতাশায় পার হলেও ওয়ানডে সিরিজটা ছিলো দুর্দান্ত। বাকি রইলো আর টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সেন্ট কিটসে ১ আগস্ট। পরের দু’টি ৫ ও ৬ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।
ওয়ানডে সিরিজ শেষে মাশরাফি বলেন- ক্রিকেট পুরোটাই মনস্তাত্ত্বিক খেলা। এখানে যে মানসিকভাবে এগিয়ে থাকবে তারাই জিতবে। দ্বিতীয় ম্যাচ হেরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি ঠিকই। এখন সময় তরুণদের সেরাটা দেয়ার। আশা করি, টি-টোয়েন্টিতেও ভালো খেলবে বাংলাদেশ। ভালো খেলতেই হবে, কেননা ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টির জন্য সেরা একটা দল।
