ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ যাত্রীর মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক নারী নিহত হয়েছেন। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। আহত রয়েছেন আরও চারজন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের তিরখী এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক। নিহত অন্য নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। কানিহারীর তিরখী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাক (ট-২৪-১৩৬৬)-এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, সিএনজি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
