নিউজ টাঙ্গাইল ডেস্ক: মহামারী করোনাভাইরাসে দেশে গত চব্বিশ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছেন আরও ১২৭৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ২৬৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন আরও ১৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করলেন ৩২৮ জন।
আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮১১৪টি পরীক্ষা করে নতুন আরও ১২৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ সময় জানানো হয়, নতুন করে আরও সুস্থ হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে মহামারী করোনা থেকে মোট সুস্থ হলেন ৪৩৭৩ জন।
এ সময় বুলেটিনে জানানো হয়, নতুন মৃত্যুবরণকারী ১৪ জনের ১৩ জনই পুরুষ এবং একজন নারী। মৃত্যুবরণকারী ১৩ জন মারা গেছেন হাসপাতালে। একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এমন খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। মানসিকভাবে উজ্জীবিত থাকতে ও মনোবল দৃঢ় রাখতে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।