ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়াতে সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুরে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
চিত্ত রঞ্জণ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ মার্চ) রাতে ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি প্রকাশ বর্মন (ঝোল) কে গ্রেপ্তার করা হয়।
গত ৩ মার্চ ঢোলারহাটের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে কৌঁশলে ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তিনি ও তার সঙ্গীরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে ৷ মামলা না করতে তারা ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতিও দেখায়। পরে ওই নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন রেল গেট কিপার শামিম ইসলাম, মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস ও প্রকাশ ঝোল।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জণ রায় বলেন, ঘটনার পর থেকে পলাতক আছে মামলার আসামিরা। বাকি আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
