ময়মনসিংহের বাজারে শীতের সবজি মিললেও দাম চড়া। ৬০ টাকার নিচে কোনো সবজিই কেনা যাচ্ছে না। নতুন আলু ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম কেজিতে ৫-৮ টাকা বেড়েছে।
রোববার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর প্রধান বাজার মেছুয়াবাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারের সবজি বিক্রেতা আরিফ রব্বানী বলেন, শীতের সবজি চাহিদার তুলনায় আমদানি কম। তাই কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। শিম-বেগুন- ফুলকপি-বরবটি ৮০, বাঁধাকপি ৬০, নতুন আলু ১৮০, শসা ৭০, গাজর ১৬০, কাঁচামরিচ ৬০, পাকা টমেটো ১৪০, কাঁচা টমেটো ৮০, চিচিঙ্গা ৬০, ঝিঙা ৬০, মিষ্টিকুমড়া পিস ৮০, করলা ৭০, ঢেঁড়শ ৬০, পটল ৫০-৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
একই বাজারের সেলিম এন্টারপ্রাইজের বিক্রেতা দুলাল মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সব ধরনের ডালের দাম বেড়েছে। তবে দাম বাড়ার কারণ তিনি বলতে পারেননি।
তিনি বলেন, চিনি পাঁচ টাকা বেড়ে ১০৫, প্যাকেট আটা চার টাকা বেড়ে ৬২, দেশি মসুর ডাল পাঁচ টাকা বেড়ে ১২৬, ভাঙা মসুর চার টাকা বেড়ে ৮৮, মুগডাল ১২০, মাসকলাই সাত টাকা বেড়ে ১১২, ভাঙা মাসকলাই পাঁচ টাকা বেড়ে ১৪০, ছোলা ১০ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।নতুন আলুর কেজি ১৮০, সবজি মিলছে না ৬০ টাকার নিচে
বাজারের জামিল স্টোরের বিক্রেতা জাহিদ মিয়া বলেন, পেঁয়াজের দাম গত সপ্তাহের চাইতে পাঁচ টাকা কমেছে। তবে দেশি আলুর দাম কিছুটা বেশি। এছাড়া দেশি পেঁয়াজ ৪৫, ইন্ডিয়ান ৪০, দেশি রসুন ৬০, চীনা ১২০, দেশি আলু ৪০, হল্যান্ড আলু ২৫, আদা ৪০ টাকা বেড়ে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুরগি বিক্রেতা রিপন মিয়া বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। তবে, অন্যান্য মুরগির দাম অপরিবর্তিত আছে। বাজারে সোনালী ৩০০, সাদা কক ২৯০, ব্রয়লার মুরগি ১৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
একই বাজারের ডিম বিক্রেতা নিতাই পাল বলেন, ফার্মের মুরগির ডিম হালিতে তিন টাকা কমলেও অন্যান্য ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।