নিউজ ডেস্ক: নাটোরে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষের সময় গুলি করার ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া একই মামলায় নাটোর থেকে জিএস জহিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, ২ এপ্রিল স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাডভোকেট নিওন হোসেন বাদি হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করে। মামলায় শহিদুল ইসলাম বাচ্চু কে প্রধান আসামী করা হয়। সংঘর্ষে সময় বাচ্চুর গুলি ছোড়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ বাচ্চুর বাসা থেকে তার রিভলবার জব্দ করে।
ওই মামলায় সোমবার রাতে শহিদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। একই রাতে নাটোর শহরের হাফ রাস্তা এলাকা থেকে এনএস কলেজের সাবেক জিএস জহিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুলকে তেবাড়িয়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে র্যাব। বেলা সাড়ে ১১ টার দিকে তাদেরকে সদর থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল নাটোর শহরের আলাইপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও পাশেই উপশহর মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষ বেধে যায়। ঘন্টা ব্যাপী চলা এই সংঘর্ষে অনেকজন আহত হয়। এ সময় বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ২ রাউন্ড গুলি ছোড়ে।
