নিজস্ব প্রতিবেদক: কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহা বাকি আর মাত্র এক সপ্তাহ। এই ঈদকে সামনে রেখে ইতোমধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। তারমধ্যে আগের তুলনায় পশু ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা। এছাড়া মহাসড়কে গণপরিবহনের সংখ্যা বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।
রবিবার (০৯ জুন) বিকালে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ও টোলপ্লাজা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিকে, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৩ হাজার ২৭৬টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয় ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা।
এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১১ হাজার ২৯৮টি যানবাহন পারাপার হয়, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা এবং সিরাজগঞ্জে সেতু পশ্চিম অংশে ১১ হাজার ৯৭৮টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদের ছুটির আগেই সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেশি। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। তিনি বলেন, এছাড়া বিগত ঈদের সময় টোল আদায়ে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেলক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
