ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: সারি সারি মোটরসাইকেল। দেখে হয়তো বা মনে হবে এটি নির্বাচনী কোন মোটরসাইকেল শোডাউন। না, এটি টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজা লিংক রোডের উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষদের মোটরসাইকেলের ভয়াবহ জটলার দৃশ্য।
এমন জটনার কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ঈদে ঘরমুখো মানুষদের। তীব্র রোদ ও গরম অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মোটরসাইকেল আরোহী নারী-পুরুষ। বিশেষ করে চরম দুর্ভোগের শিকার হতে হয় শিশুদের।
শুক্রবার (২৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর টোলপ্লাজায় প্রবেশের বাই লিংক রোডে উত্তরবঙ্গগামী মোটরসাইকেলের দীর্ঘ সারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে মোটরসাইলেকের সারি থাকায় বিষয়টি আলোচনায় আসে।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতুতে ৩ থেকে ৪টি লেন চালু রাখা হয় টোল আদায়ের জন্য। কিন্তু মহাড়কে যানজট এড়াতে বাস-ট্রাক, মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহনের জন্য আরও ৭ টি লেনে টোল আদায় করা হচ্ছে।
এছাড়া মোটরসাইকেলের জন্য বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর থেকে বামদিকের লিংকরোডের রাস্তা দিয়ে আলাদা দুই লেন করা হয়েছে। যাতে করে উত্তরবঙ্গগামী পরিবহনে পারাপারে টোল আদায়ে কোন ভোগান্তি না হয়।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোন কল করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী মোটরসাইকেল জটলার বিষয়টি নিশ্চিত বলেন, সেতু পূর্ব টোলপ্লাজায় মোটরসাইকেল লেনে সকাল ৮টা থেকে বেলা ১০ টা পর্যন্ত উত্তরবঙ্গগামী মোটরসাইকেল ব্যাপক চাপ ছিল। পরে তা স্বাভাবিক হয়ে আসে।
