বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলি ব্রিজ, টাঙ্গাইল-দেলদুয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন

বালুবাহী ট্রাক নিয়ে ভেঙে পড়ল বেইলি ব্রিজ, টাঙ্গাইল-দেলদুয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাক নিয়ে একটি বেইলি ব্রিজ ভেঙ্গে পড়েছে। ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় চালকসহ ট্রাকের চার আরোহী। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। দুপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়ে পারাপারা হচ্ছে মানুষ।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রোকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

এদিকে স্থানীয়দের দাবি, এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙ্গে পড়ল। কাঠের সেতু থাকায় অবস্থায় দুবার। বেইলি ব্রিজ হওয়ার পর দুবার। ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। আজ নতুন করে ভেঙ্গে পড়ল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular