বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
Homeআন্তর্জাতিকবিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনে নামছে শিক্ষার্থীরা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো খোলার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে  শিক্ষার্থীরা। এজন্য তারা প্রাথমিকভাবে দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধনের আয়োজন করতে যাচ্ছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মুজাহিদ ইমু বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।  মানববন্ধনের পর পরিস্থিতি বিবেচনা পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা ।

ইমু বলেন, ‘দেশের অন্য সব কিছুই আগের মতোই চলছে, সেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ। এর চেয়ে হাস্যকর যুক্তি আর হয় না। বিষয়টা এমন সারা দেহে কাপড় নাই, মাথায় টুপি পড়ে হুজুর সাজার চেষ্টা। তাই আমরা চাই স্বাস্থ্যবিধি মেনে আমাদের বিশ্ববিদ্যালয়ও যেন খুলে দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্ত বয়স্ক, তারা সচেতন হয়ে ক্লাস পরীক্ষা দিতে পারবে। বিশ্ববিদ্যালয় খোলার দাবিতেই মূলত এই মানববন্ধনের আয়োজন।’

শিক্ষার্থীদের বক্তব্য, দেশের সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। শুধু বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিক এটা আমরা চাই না। বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণ করে হলেও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ৫ মাস ঘরে বসে থাকা অসম্ভব ব্যাপার। ইতোমধ্যে ১ বছরের সেশনজট হয়ে গেল। তার ওপর অনিশ্চিত এক ভবিষ্যৎ গ্রাস করছে শিক্ষার্থীদের।

যদিও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে আরও সময় নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সেপ্টেম্বরের শেষ দিকে হয়তো করোনার সংক্রমণ আরও কমে যাবে। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চাই। আমরা আমাদের শিক্ষার্থীদের কোনও প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular