এতদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন বা অবস্থানের খবর শোনা গেলেও এবার প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের খবর চাউর হয়েছে।
জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের জামাল দিঘীরপার গ্রামে বিয়ের দাবিতে অনশন পালন করছেন জুয়েল মিয়া নামের এক প্রেমিক।
সোমবার রাতে জানা যায়, গত দুদিন ধরে এক তরুণীর বাসায় আমরণ অনশন শুরু করেন ওই প্রেমিক। এমনকি বিষপানেরও চেষ্টা করেন জুয়েল। তিনি পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার শংকরপুর গ্রামের আহমদ আলীর ছেলে।
জুয়েল জানান, তিনি পেশায় রাজমিস্ত্রী। জামালদিঘীপাড় গ্রামে তিন বছর আগে কাজে এসে তরুণীর মায়ের সাথে খালার সম্পর্ক গড়ে তুলেন। তারপর নিয়মিত যাতায়াতের ফলে ওই খালার মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তরুণী ও এলাকাবাসী জানান, জুয়েল বিবাহিত এবং দুই সন্তানের জনক হয়েও নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন বছর তিনেক ধরে। তরুণী তা জানতে পেরে যুবককে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণীর বাড়িতে এসে আমরণ অনশন শুরু করেন জুয়েল। একপর্যায়ে তরুণীর ওপর অভিমান করে সোমবার রাতে বিষপানের চেষ্টা করেন। পরে প্রাথমিক চিকিৎসায় জুয়েল সুস্থ হয়ে আবার তরুণীর বাসায় অনশন শুরু করেন।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নামজুল হুদার কোনো সাড়া পাননি বলে জানান ওই তরুণীর বাবা।
