নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (৬ই নভেম্বর) ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলার সময় এ বহিষ্কারের ঘটনা ঘটে।
বহিষ্কারের মধ্যে শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ের ৩ জন ও সিংগুরিয়া-লোকেরপাড়া স্যার গজনবী উচ্চ বিদ্যালয়ের ২ জন। ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মহি উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে অসদুপায় অবলম্বনের দায়ে চরসিংগুলি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ২ জন, পলশিয়া রাণী দ্বীনমণি উচ্চ বিদ্যালয়ের ২ জন ও মাদ্রাসার ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, ভূঞাপুরে নকলের একটা দূর্নাম ছিল। সেই দূর্নাম দূর করতে কেন্দ্র সচিবসহ সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সফল হয়েছি। সামনের প্রাথমিক সমাপনী ও এসএসসিসহ সকল পাবলিক পরীক্ষায় আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।
